নিজস্ব প্রতিনিধি :::
‘চুরি ডাকাতি বন্ধ হোক, জননিরাপত্তা নিশ্চিত হোক’ এ আহবানকে সামনে রেখে মিরসরাই উপজেলায় চুরি ডাকাতি রোধকল্পে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ৷ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মিরসরাই সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জাতীয় নাগরিক পাটি (এনসিপির) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মেহেদি হাসানসহ মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মানবন্ধনে বক্তরা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপর জোর দেন।
মানবন্ধনে আয়োজকদের পক্ষ থেকে চুরি প্রতিরোধে দুই থানায় হটলাইন চালু করা, পুলিশি টহল জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। এছাড়াও নাগরিকদের সচেতনতার অংশ হিসেবে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ডাকাতি প্রতিরোধে অবহিত করা, এলাকাভিত্তিক চুরি ডাকাতি প্রতিরোধ সেল গঠন করার সুপারিশ করা হয়।