চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শিশু হাফেজ মোহাম্মদ উসামা (১১)। তার এ কৃতিত্বে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরসরাই সদরে অবস্থিত মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক। তিনি অনুষ্ঠান সঞ্চালনাও করেন। এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত হাফেজ উসামার বাবা ওমর ফারুক, সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক ইউসুফসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা।
মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক জানান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে থানা পর্যায়ের এ প্রতিযোগিতায় মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৬ জন হাফেজ অংশ নেন। এর মধ্যে মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার আটজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তারা বিভিন্ন ধাপে কৃতিত্বের পরিচয় দেয়। তাদের মধ্যে শিশু হাফেজ মোহাম্মদ উসামা ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে।
উসামার বাবা ওমর ফারুক বলেন, ‘আমি বাংলা শিক্ষিত, আরবি জানি না। তাই ছেলেকে আরবি শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলে কোরআন শিখেছে। সে যেন শেখা বিষয়গুলো নিজের জীবনে ধারণ করতে পারে, সে জন্য আপনারা দোয়া করবেন।’