চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার মায়ানী ইউনিয়নের কাজীরতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাজীরতালুক মুক্তির পয়গম পাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
কাজীরতালুক মুক্তির পয়গম পাঠাগার পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা নুরনবীর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সমাজসেবক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাস্টার সাইফুল ইসলাম সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকার মনজুরুল ইসলাম, শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, কাজীরতালুক মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা ইউসুফ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা রবিউল হোসেন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মিনহাজুল হাসান সাজিদ ও সাবরিনা ইয়াসমিন আপরা।
বক্তারা বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজায় প্রবেশের একটি ধাপ মাত্র। এ ধাপ পেরিয়ে শিক্ষার্থীদের আরও বেশি জ্ঞান অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এমন জ্ঞান অর্জন করতে হবে, যা মানুষের কল্যাণে কাজে আসে এবং পরকালে নাজাতের উসিলা হয়। একই সঙ্গে এমন জ্ঞান ও শিক্ষা থেকে দূরে থাকতে হবে, যা মানুষকে অন্যকে ঠকানো বা ক্ষতি করার পথ দেখায়।