মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫ জনসহ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ অহিদুল ইসলাম চৌধুরী (দিপু) সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন তাহের আহামেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামন সুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরফু উদ্দীন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আবুল কাশেম চৌধুরী। এ ছাড়া প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, প্রাক্তন ছাত্র ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম সামিয়া বলেন, “আমার এই অর্জনের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান রয়েছে। এমন সুন্দর সংবর্ধনার আয়োজন করায় বিদ্যালয়ের প্রাক্তন বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই শিক্ষাজীবনের শেষ নয়; বরং এখান থেকেই শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার নতুন পথচলা শুরু। এই সাফল্যকে ধরে রেখে আরও মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।

তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের অংশ করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য গর্ব বয়ে আনতে হবে।

আরো খবর