মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমানের পরিবার পেল ৫ লাখ টাকা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রহমানের পরিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা পেয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল থেকে এ ক্ষতিপূরণ দেওয়া হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
চলতি বছরের ১৯ জানুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজার এলাকায় ফুটওভারব্রিজের নিচে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান নিহত হন।
দুর্ঘটনার পর সহায়-সম্বলহীন পরিবারটির পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণ আদায়ে আইনি ও দাপ্তরিক সহযোগিতা করেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর নেতৃবৃন্দ। নিসআ চট্টগ্রাম জেলার যুগ্ম সদস্য সচিব নয়ন মিয়া ও জেলা আহ্বায়ক সালমান শামীমের প্রত্যক্ষ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডে ক্ষতিপূরণের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হয়।
নিসআ নেতৃবৃন্দের উদ্যোগে প্রয়োজনীয় আইনি কাগজপত্র, এফআইআর ও চিকিৎসকের প্রত্যয়নপত্রসহ সংশ্লিষ্ট নথিপত্র সমন্বয় করে আবেদনটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তা হিসেবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হয়।
ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর নিহত আব্দুর রহমানের পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের উপার্জনের কোনো মাধ্যম ছিল না। নিরাপদ সড়ক আন্দোলনের নয়ন মিয়া ও সালমান শামীম ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারণেই আমরা এই সরকারি সহায়তা পেয়েছি।”
এ বিষয়ে নিসআ চট্টগ্রাম জেলার যুগ্ম সদস্য সচিব নয়ন মিয়া বলেন, “নিরাপদ সড়ক আন্দোলন কেবল নিরাপদ সড়কের দাবিতেই সোচ্চার নয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোও আমাদের অন্যতম দায়িত্ব। আব্দুর রহমানের পরিবারের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি।”

 

আরো খবর