চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে সুফিয়া আজান পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মিঠানালা ইউনিয়নের সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পাঠাগারের সেক্রেটারি কামরুল আহসান হাবিব ও মাওলানা কলিমুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া আজান পাঠাগারের সভাপতি মো. কেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি মাইনুদ্দিন রায়হান, চট্টগ্রাম আলম শাহপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, আজান পাঠাগারের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুল করিম ও মো. নুরুল করিম এবং বিশিষ্ট ব্যাংকার নাদিরুজ্জামান।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাজকির হাসনাইন, নাবিলা তাহসিন ও রাউফুন সুরাইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শামসুন্নাহার বেগম বলেন, “পাঠাগার শুধুমাত্র একটি পাঠাগার নয়, এটি আদর্শ মানুষ তৈরির জায়গা। পাঠাগারের মাধ্যমে সৃজনশীল, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে একটি সুন্দর, সুষ্ঠু, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণ করা সম্ভব। আজান পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে পাঠাগারের কার্যকরী পরিষদের সদস্য, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন পাঠাগারের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তারেক। এ বছর কৃতি শিক্ষার্থী ও অভিভাবকসহ মোট ৪৮ জনকে পুরস্কৃত করা হয়।