চট্টগ্রামের মিসরাইয়ে মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর উদেয়ারহাট বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে পশ্চিম অলিনগর এল.বি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তাফসির পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ঢাকা তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজাম উদ্দিন আনসারী, পশ্চিম অলিনগর এল.বি আদর্শ উচ্চ বিদ্যালয় হেড মাওলানা করিমুল হক নুরী, মেহেদী নগর দারুস সালাম জামে মসজিদের খতিব মেহেদী হাসান অলিনগরী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেরহাট পশ্চিম অলিনগর উদেয়ারহাট বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও সেক্রেটারি শহীদ উদ্দিন।
মাহফিলে এলাকার আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে তেলাওয়াত, হামদ-নাত ও দোয়া-মুনাজাতে সৃষ্টি হয় এক হৃদয়গ্রাহী পরিবেশ।