নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার ধারাবাহিকভাবে অবহেলিত ও সংস্কারবিহীন রাস্তা পরিদর্শন করেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (৮ নভেম্বর) দিনভর উপজেলার মায়ানী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়ান। তালিকা প্রণয়ন করেন অবহেলিত সড়কের। প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক জনগণের চাওয়া অনুযায়ী বরাদ্দ দেন রাস্তা।
সংসদ সদস্য নুরুল আমিন বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের যেসব রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারবিহীন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে। জনগণের চাহিদার কথা বিবেচনা করে রাস্তার তালিকা তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে বরাদ্দ দিয়ে এসব রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
সড়ক পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন, সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিনসহ অন্যরা।