মিরসরাইয়ে ৫ ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করলেন বড় ভাই, আহত ১

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ ভাইয়ের পরিবারের চলাচলের রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে হামলায় ছোট ভাই জামাল উদ্দিন (৫৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার সাহাব উদ্দিন কোম্পানী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত জামাল উদ্দিন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বড় ভাই সাহাব উদ্দিন, তাঁর দুই ছেলে মিজানুর রহমান ও মশিউর রহমানসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন সাহাব উদ্দিন। এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। বিষয়টি নিয়ে আদালতেও মামলা চলছে। বৃহস্পতিবার ওই রাস্তায় দেয়াল নির্মাণের সময় বাধা দিলে জামাল উদ্দিনের ওপর হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া থানায় অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জামাল উদ্দিন বলেন, তাঁদের বসতবাড়িতে দেয়াল নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমি ও আমার ভাইদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দেয়াল তুলে দেওয়ায় আমাদের পরিবারের সদস্যরা এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।’ বিষয়টি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগীর আরেক ভাই গিয়াস উদ্দিন বলেন, প্রায় তিন দশকের বেশি সময় ধরে তাঁরা বাড়িতে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করে আসছেন। হঠাৎ অন্য ভাইদের সঙ্গে কোনো আলোচনা না করে রাস্তা বন্ধ করে দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছেন।

অভিযোগের বিষয়ে সাহাব উদ্দিন বলেন, ‘ওই জায়গাটি আমার নিজস্ব উঠান। নিজের জায়গায় আমি দেয়াল নির্মাণ করছি। তাঁদের উঠানের বাইরে দিয়ে রাস্তা করার জন্য বলেছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইউনুস বলেন, চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ভাইয়ের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিরোধপূর্ণ জায়গায় উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর