মিরসরাই সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা

top Banner

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান ও আটটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সন্ধ্যায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৯ নম্বর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে চেয়ারম্যান পদে মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবা উদ্দিনের নাম ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার।

এ ছাড়া ইউপি সদস্য পদে আটটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল করির প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. মনসুর আহমেদ, ২ নম্বর ওয়ার্ডে হাকীম মোহাম্মদ হারুন, ৩ নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য আবু জামশেদ, ৪ নম্বর ওয়ার্ডে মো. নুর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে আবদুল হাই, ৬ নম্বর ওয়ার্ডে মো. ইসমাঈল, ৭ নম্বর ওয়ার্ডে হারুনুর রশীদ এবং ৯ নম্বর ওয়ার্ডে আমিনুল হক। আরেকটি  ওয়ার্ডে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

৯ নম্বর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নোমান ফারুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্যাহ আল মামুন, সাবেক আমির নুরুল করিম, আবু মোহাম্মদ ইউসুফ এবং চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থী মেজবা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন শিকদার বলেন, ৫ আগস্টের পরও দেশে সাধারণ মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বিকল্প নেই। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও আল্লাহভীরু ব্যক্তিদের নির্বাচিত করতে হবে।

আরো খবর