মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

top Banner

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষক দল।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে মিরসরাই প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।

উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

এ সময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছে এবং জনগণের অধিকার ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। বক্তারা আরও বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আরো খবর