আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের কামরুদ্দীন নিশান

top Banner

 

নিজস্ব প্রতিনিধি:

মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের কৃতী সন্তান ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের (আইওবি) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দীন নিশান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক একাডেমিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের মেধা ও দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি লাভ করেন।

রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘লেকচার পাবলিকেশন প্রেজেন্টস আইওবি গ্র্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬’-এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শত শত মেধাবী শিক্ষার্থীকে সম্মানিত করার পাশাপাশি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদেরও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নাবী খান, ইউসিমাস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সান ওং, ইউসিমাস ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. স্নেহাল কারিয়া, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টভুক্ত প্রতিষ্ঠান ক্লারিওসের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর আনা মার্গারিটা গার্জা, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এম এ মাসুদসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ওয়াটসন গ্রুপের পরিচালক জান্নাতুল হক শাপলা, লেকচার পাবলিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মো. শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, জেনারেল ম্যানেজার আজহার বিন ফরহাদ এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার তানভীর আহসান সিদ্দিকী পাভেল।

একই অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের অন্য দুই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুল আলম শিমুলও একই সম্মাননায় ভূষিত হন।

জানা গেছে- কামরুদ্দীন নিশান শুধু জাতীয় পর্যায়েই নয়, নিজ জন্মভূমি মিরসরাইয়েও শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি মিরসরাইভিত্তিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে সংগঠনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার সচেতনতা এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ফলে ইগনাইট মিরসরাই স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

কামরুদ্দীন নিশান মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ওসমান আলী ভুঁইয়া বাড়ির সন্তান। তার পিতা আব্দুল কাদের জিলানী (ডা. জসিম উদ্দিন নামে পরিচিত) এবং মাতা কামরুন নাহার বকুল ওয়াহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে কামরুদ্দীন নিশান বলেন, “মিরসরাইয়ের একজন সন্তান হিসেবে দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার পরিবার, প্রিয় জন্মভূমি মিরসরাই এবং দেশের সকল শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার প্রতীক।”

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ বর্তমানে গণিত, বিজ্ঞান, ইংরেজি, স্টেমসহ ৫০টিরও বেশি বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

আরো খবর