জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকার বিনিয়োগ করবে এমইপি এমইপি হাই-টেক

 কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

top Banner

চলমান রিপোর্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করে নতুন শিল্পকারখানা গড়ে তুলছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, প্রকল্পটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি চালু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২৬ জুলাই রোববার দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেজার কর্মকর্তা আবদুল কাদের।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে গড়ে উঠতে যাওয়া নতুন কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি বাতি, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হবে। আগামী এক বছরের মধ্যে একটি উৎপাদন ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ডা. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে এমইপি গ্রুপ। তাঁর আশা, প্রকল্পটি দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে উৎপাদিত বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

প্রধান অতিথি সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপের এই বিনিয়োগ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বেজা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

আরো খবর