বর্ণাঢ্য আয়োজনে মিরসরাই সমিতি ইউএসএর নতুন কমিটির অভিষেক
নবনির্বাচিত সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান
যুক্তরাষ্ট্রে প্রবাসী মিরসরাইবাসীদের সংগঠন মিরসরাই সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

শনিবার (৮ নভেম্বর) নিউইয়র্কের তাজ মহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আমজাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মিল্টন ভুঁইয়া বিদায়ী ভাষণ দেন। পরে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা গোলাম সামদানি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, কাজী আজমসহ সমিতির অন্যান্য সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান শপথ গ্রহণ শেষে বলেন, প্রবাসে মিরসরাইবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলতেই তারা কাজ করবেন।
অভিষেক উপলক্ষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় ও আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে গোটা পার্টি হল। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় প্রবাসে থাকা মিরসরাইবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।