শারদীয় শ্যামাপূজা উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০০ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহন দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় এমপি নুরুল আমিন বলেন, মিরসরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই সামান্য উপহার। আগামী দিনেও তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজিব ধর তমাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।