চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিরসরাই থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিম কুমার সিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাসুম, সদস্য সচিব ইনজামুল হক ইমন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং বাড়ছে নানা ধরনের সামাজিক অপরাধ। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।