মিরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষস্থানীয় ৫ নেতা বহিষ্কার

top Banner

মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার অসহিষ্ণু ও আধিপত্যবাদী মনোভাবের ফলে দলের ভেতরে বিভাজন ও সংঘাতের সৃষ্টি হয়েছে। বারবার সতর্ক করার পরও আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরপরই রাত ১০টার দিকে বড়তাকিয়া ও করেরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা। এছাড়াও এ ঘটনায় বুধবার সকাল ১০ টায় বড়তাকিয়া বাজারে বিক্ষোভের ডাক দিয়েছে মিরসরাই থানা যুব সংগ্রাম পরিষদ। বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই আদেশ উদ্দেশ্যপ্রণোদিত এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা গোপন দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং সাংগঠনিক দুর্বলতা এই বহিষ্কারের পেছনে বড় কারণ হয়ে উঠেছে।

আরো খবর