মিরসরাই উপজেলার এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের ৬ষ্ঠ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে মহামায়া লেকে বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে উপজেলার ১৬ ইউনিয়ন এবং ২ টি পৌরসভার এসএসসি ১৬ ব্যাচের প্রায় ৩০০ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন পুনর্মিলনীতে।
দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, ফটোসেশান, রশি টানাটানি প্রতিযোগিতা, অন্ধের হাঁড়ি ভাঙা, র্যাফেল ড্র, নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রশি টানাটানি খেলায় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে অবিবাহিতরা বিজয়ী হয়। এছাড়া র্যাফেল ড্রতে ১৬ জনকে পুরষ্কৃত করা হয়।
আয়োজকরা বলেন, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় স্বাধীনতার ৫৪ বছরে বিজয় দিবসকে ঘিরে এ ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়। ব্যাচের সদস্যদের অনেকেই বর্তমানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন পেশায় কর্মব্যস্ত।
২০১৬ ব্যাচের পরিচালক জাহেদ হোসেন ইমন বলেন, ২০২৫ সালের ৬ষ্ঠ পুনর্মিলনী সফল করতে দেশে ও প্রবাসে থাকা যেসব বন্ধুরা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে প্রবাসী বন্ধুদের অবদান অনস্বীকার্য। যারা উপস্থিত থাকতে পারেননি, ওই সকল বন্ধুদের মিস করেছি।
ইব্রাহিম নিশান বলেন, আমাদের ব্যাচটা হচ্ছে ২০১৬, আমাদের ইউনিয়নও ১৬টা, আর প্রতিবছর সেজন্য ১৬ই ডিসেম্বরই ১৬ ব্যাচের পুনর্মিলনীর আয়োজন করে থাকি।
আরেক পরিচালক শহিদুল ইসলাম বলেন, পুনর্মিলনী ছাড়াও আমাদের ব্যাচের কোনো বন্ধু যদি কখনও কোনো বিপদে পড়ে, আমরা সকলে এগিয়ে আসি, আমাদের বন্ধু নিপু কিছুদিন আগে মারা গেছে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গতবছরের পুনর্মিলনীতে ছিলো এবছর নেই।
ব্যাচের আরেক পরিচালক জিয়া আহম্মেদ বলেন, আমাদের একটাই পরিচয় বন্ধুত্ব। এই বন্ধুত্বের বন্ধন আজীবন অটুট থাকুক। ভবিষ্যতে ব্যাচকে আরও সাংগঠনিকভাবে গড়ে তুলে পিছিয়ে থাকা বন্ধুদের পাশে দাঁড়ানো, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা এবং সুখ-দুঃখে একে অপরের সহযাত্রী হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রবাস থেকে আসা ব্যাচমেট ইমন বলেন, এসএসসির পর কে কোথায় চলে গেছে, অনেকবছর দেখা হয়নি, প্রবাসে থাকার কারনে গত ৩বছরের আয়োজনে আমিও উপভোগ করতে পারিনি, এবছর এঅনুষ্ঠানের জন্য ছুটি নিয়ে এসেছি।