চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা (YPSA)-এর উদ্যোগে ‘জাগরণ’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মিরসরাই পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘ইপসার জাগরণ প্রকল্পটি প্রশংসনীয় উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে যুবরা নেতৃত্ব, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি তা নিজ নিজ এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকাসক্তদের সঙ্গে দুর্ব্যবহার না করে সুন্দর আচরণ ও সচেতনতা তৈরির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’
জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার আবুল মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম এবং ইপসার সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তা প্রদীপ আচার্জী, আরটিভির মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শিহাব উদ্দিন সিদ্দিক।
প্রকল্প সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মিরসরাই পৌরসভার ইয়ুথ গ্রুপের ১৫ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রকল্পের আওতায় মিরসরাই উপজেলার নির্ধারিত এলাকায় ১০টি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।
এসব গ্রুপের মাধ্যমে সরাসরি ১৫০ জন যুবকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে প্রশিক্ষণপ্রাপ্তরা অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আরও ৩০০ জন যুব প্রতিনিধিকে কার্যক্রমের সঙ্গে যুক্ত করবেন।
‘জাগরণ’ প্রকল্পের নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় এবং GFA Consulting Group GmbH (GFA)-এর অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক উন্নয়নে তাদের ক্ষমতায়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। মিরসরাইয়ের পাশাপাশি সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকাতেও প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।