মিরসরাইয়ে আন্তছরা খাল দখল-ভরাটে জলাবদ্ধতা, পরিদর্শনে আশরাফ

top Banner

মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকার আন্তছরা খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন।

স্থানীয় হারিছ মিয়া ও রাজা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আন্তছরা খালের বিভিন্ন অংশ দখল ও ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিদর্শনকালে মো. আশরাফ উদ্দিন বলেন, খাল দখল ও ভরাটের কারণে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংসদ সদস্য নুরুল আমিন মহোদয় আন্তরিক। তাঁর নির্দেশনায় আমরা সরেজমিনে এসে কৃষকদের সমস্যা শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে খালটি দ্রুত দখলমুক্ত ও পুনঃখননের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, কৃষকদল নেতা আবুল হোসেন, মফিজ উদ্দিন।

আরো খবর