প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান ‘দেশে সবচেয়ে জনপ্রিয় প্রতীক হলো দাঁড়িপাল্লা, যার কোন বিকল্প নেই’
গণসংযোগকালে মিরসরাই আসনে জামায়াত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেছেন, ‘বর্তমানে দেশে সবচেয়ে জনপ্রিয় প্রতীক হলো দাঁড়িপাল্লা, যার কোনো বিকল্প নেই। দাঁড়িপাল্লা এখন শুধু জামায়াতে ইসলামীর প্রতীক নয়; বরং এটি সমগ্র বাংলাদেশের সকল সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে। দেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান তারা দাঁড়িপাল্লাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে।’
শুক্রবার (৩০ জানুয়ারি) মিরসরাই উপজেলার মিঠানালা, ওয়াহেদপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত ক্ষমতায় গেলে সকল নারীদের ঘর থেকে বের হতে দেবে না, প্রতিপক্ষ দল এমন অপপ্রচারে লিপ্ত অভিযোগ করে ছাইফুর রহমান বলেন, ‘মা-বোনেরা তাদের চাকরি, ব্যবসাসহ হাটে-বাজারে যেতে পারবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সকল ধর্মের মা-বোনের স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। কেউ বাধা দিবে না। বরং জামায়াত ক্ষমতায় গেলে আপনাদের প্রয়োজনীয় মন্দির, গীর্জা নির্মাণ করে দিবে। এগুলো আপনাদের নাগরিক অধিকার।’
তিনি আরো বলেন, মিরসরাইবাসী আগামী নির্বাচনে সন্ত্রাসী চাঁদাবাজকে ভোট দেবে না। যার হাতে এই উপজেলা নিরাপদ, তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ইনশাআল্লাহ।
এছাড়া তিনি উপজেলার সাহেরখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে ছুটে যান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এদিকে একইদিন সন্ধ্যায় উপজেলার মিঠাছরা বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।