মিরসরাইয়ে পাহাড়ি শিশুদের মুখে হাসি ফুটলো শিক্ষা সামগ্রী পেয়ে
সাইবেনীখিল রূপাইধন ত্রিপুরা পাড়ায় চাইল্ড কেয়ার বাংলাদেশের আয়োজন
দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল রূপাইধন ত্রিপুরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। চারপাশে সবুজ পাহাড়, টলমলে ঝরনার শব্দ, আর কচিকাঁচাদের কোলাহলে মুখরিত ছোট্ট এই স্কুল। ঠিক এখানেই শনিবার (১৮ আগস্ট) বিকেলে সামাজিক সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশ আয়োজন করে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে নতুন খাতা, কলম, পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সময় শিশুদের চোখেমুখে যে আনন্দের ঝিলিক, তা যেন পাহাড়ি পরিবেশকেও আলোকিত করে তোলে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের কনটেন্ট ক্রিয়েটর এস. তুহিন, অত্র গ্রামের সর্দার ঊষা ত্রিপুরা, চাইল্ড কেয়ার বাংলাদেশের কো-চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তপু, প্রচার সম্পাদক আইয়ুব, সদস্য মোঃ রিয়াজ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থানীয় সর্দার ঊষা ত্রিপুরা বলেন, “আমাদের শিশুদের লেখাপড়ার সুযোগ সীমিত। চাইল্ড কেয়ার বাংলাদেশের এই উদ্যোগ শিশুদের স্কুলে আগ্রহী করছে। আমরা কৃতজ্ঞ।”
চাইল্ড কেয়ার বাংলাদেশের প্রতিনিধিরা জানান, শুধু শিক্ষা সামগ্রী বিতরণ নয়, বরং পাহাড়ি এলাকার শিশুদের স্বপ্ন দেখানোই তাদের মূল লক্ষ্য। তারা চান, গ্রামের এসব শিশু একদিন সমাজে আলো ছড়িয়ে দিক।
পাহাড়ি অঞ্চলের কোল ঘেঁষা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নতুন খাতা-কলম হাতে বাড়ি ফিরছিল, তখন তাদের মুখে এক অদ্ভুত হাসি লেগে ছিল -যেন ছোট্ট উপহারেই বড় এক স্বপ্নের শুরু।