উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নৃরুল আমিন-এর প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ। চিঠিতে তিনি উল্লেখ করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এখন সময়ের দাবি। নির্বাচনের আগে উন্নয়ন ও সমৃদ্ধির যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।
খোলা চিঠিতে তিনি বলেন, এলাকায় কোনো ধরনের সালিশ বাণিজ্য বরদাশত করা হবে না এবং অপরাধী ও ভুক্তভোগী সবার সঙ্গে ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে আচরণ নিশ্চিত করতে হবে। সামাজিক নিরাপত্তা জোরদার ও আইনের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নুর মোহাম্মদ আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা না নিলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহানি সৃষ্টি হতে পারে। তাই তিনি এমপির কাছে সুদৃঢ় ও সুবিবেচনাপ্রসূত পদক্ষেপ কামনা করেন। চিঠির শেষে তিনি মহান আল্লাহর কাছে সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখার প্রার্থনা জানান।