আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আট দফা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া উন্নয়নসহ আটটি মূল পরিকল্পনা তুলে ধরেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ।
এই পরিকল্পনার বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় আবুতোরাব বাজারে মায়ানী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মাস্টার মো. ইউনুস, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন ভুইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক নুর নবী করিম বাবলু ও হানিফ মিজি।
বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়িত হলে জনগণের জীবনমান উন্নত হবে এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এসময় তারা দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মাঝে এ পরিকল্পনার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।