সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তরজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন৷
মিরসরাই পৌরসভা বিএনপির আহবাযক জামসেদ আলম সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান লিটন লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচলা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক দিদার মেম্বার, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাখাওয়াত হোসেন চৌধুরী।
এসময় যুবদল নেতা তারিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আমাদের মাঝে নেই; তবে দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল আমাদের জন্য এক আবেগঘন মুহূর্ত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’