ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি উত্তর জেলা যুবদল নেতার খোলা চিঠি

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে মাদক পরিস্থিতি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে খোলা চিঠি দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন। খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন, জাতীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা থাকলেও ইউনিয়ন পর্যায়ে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা বলেছেন। একই সঙ্গে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তবে ওয়াহেদপুর ইউনিয়নে এখনো প্রকাশ্যে মাদক ব্যবসা চলমান রয়েছে বলে দাবি করেন তিনি।

এস এম হারুন বলেন, ইউনিয়নের অনেক নেতা এলাকায় অবস্থান না করে বাইরে থাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দায়িত্বশীল নেতারা কেন এ বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছেন না। সাতবাড়িয়া এলাকায় সনাতনী সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং কিছু নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের পক্ষে থানায় তদবিরের জনশ্রুতির কথাও তিনি তুলে ধরেন।

চিঠিতে তিনি সতর্ক করেন, এ পরিস্থিতি চলতে থাকলে জনগণের আস্থা নষ্ট হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন অব্যবস্থা চললে মানুষের হতাশা বাড়ে। সবশেষে তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ওয়াহেদপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার আহ্বান জানান।

আরো খবর