হিতকরী’র বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিতকরী’র বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী দক্ষিণ চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি’র সভাপতিত্বে এবং পুনর্মিলনী উপ-কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল নাঈম’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিতকরীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, নুরুচ্ছালাম ফোরকান, প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল করিম, ইউনুস মিয়া, আজিজুল হক, স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলতাফ হোসেন, সমন্বয়ক হাসনাইন ইফতেখার রুমন্ত, সিনিয়র সদস্য মোর্শদ আলম রিয়াদ, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়, সিনিয়র সদস্য শামসুদ্দিন সজিব, ইখতিয়ার মিতুলসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

দিনব্যাপী আয়োজনের শুরুতে সকাল ১০টায় নাস্তা পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সমুদ্র সৈকতে ফুটবল ম্যাচ, বেলুন ফুটানো, অন্ধের হাঁড়ি ভাঙা ও ট্রেজার হান্টসহ নানা আনন্দঘন খেলার আয়োজন করা হয়। খেলা শেষে আবুতোরাব রনি কম্পিউটার’র সৌজন্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জোহরের নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ শেষে হিতকরীর চিরাচরিত নিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও সামাজিক কার্যক্রম আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্মিলনী উপ-কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল নাঈম বলেন, হিতকরী কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবিকতার সংগঠন। ২০০১ সালে যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, আজ সদস্যদের ঐক্য ও আন্তরিকতায় তা বাস্তবে রূপ নিচ্ছে। এই পুনর্মিলনী আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করতে আমরা সবাই মিলেই কাজ করব। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হিতকরীর মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০০১ সালে একঝাঁক তরুণের সামাজিক দায়বদ্ধতা থেকে হিতকরী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও কোভিড-১৯ মহামারীর সময় খাদ্য সহায়তা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণসহ মানবিক নানা উদ্যোগের মাধ্যমে সমাজে ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

আরো খবর