সাংবাদিক একেএম মকছুদ আহমেদের ইন্তেকাল দাফন সম্পন্ন

top Banner

। চলমান রিপোর্ট ।
পাবর্ত্য চট্টগ্রামের চারণ সাংবাদিকখ্যাত একেএম মকছুদ আহমেদ (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় স্ট্রোক করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘ ৫৫ বছরকাল স্বচ্ছ সাংবাদিকতা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তিনি রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের জামাল উল্ল্যাহ মেস্ত্রী বাড়ীর মরহুম রেহান উদ্দিন খন্দকার এর দ্বিতীয় সন্তান। কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলা সদরে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাঙ্গামাটি জেলার শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির, বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সংবাদকর্মী, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার বাদে আছর মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য রাখেন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বাহার চৌধুরী নুরীয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইব্রাহিম। জানাযায় ইমামতি করেন সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আবদুল হক সিরাজী। জানাযায় উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিরসরাই প্রেস ক্লাব, রাঙ্গামাটি প্রেস ক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

আরো খবর