মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

top Banner

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুল হক মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন ৪৩ এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা বক্তব্য রাখেন। নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুল হক মনি সকল সদস্য, অতিথি, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ক্লোজ আপ ওয়ান এর জনপ্রিয় শিল্প সাব্বির ও অন্যান্যরা পরিবেশন করেন। মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবার পরিজন অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরো খবর