মিরসরাইয়ে আন-নূর মডেল মাদরাসার পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার হাদিফকিরহাটে সালামত উল্লাহর সভাপতিত্বে এবং নাইমুল হাসান সাবেরের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষানুরাগী ও সুধীজন উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইঞ্জি. শারমিন আক্তার এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ আনোয়ারুল আজিম। তাঁরা প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষে মির্জা বাজার মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা কামাল উদ্দিন সাহেব-এর পরিচালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।