নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে রহমতাবাদ আন-নুর পাঠাগার উদ্বোধন ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং আলেমে দ্বীন মাওলানা নুরুল কবির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নুরিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা রেজাউল হক নিজামী।
অনুষ্ঠানে প্রধান ওয়াজিন ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মাহমুদুল হাসান।
মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলমশা পাড়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এমদাদুল হক নিজামী।
অনুষ্ঠানের প্রধান ওয়াজিন বলেন, সীরাতে রাসূল (সা.), নবীদের জীবন এবং তাঁদের কর্মজীবন আমাদের জন্য সর্বোত্তম দিশা। যদি আমরা নবীদের জীবনী, চরিত্র ও আদর্শ মেনে চলি, তাহলে দুনিয়ার সফলতা যেমন অর্জিত হবে তেমনি আখিরাতের মুক্তিও লাভ করবো।
তিনি আরও বলেন, নবীদের জীবন আলোচনার মাধ্যমে মানুষ সত্য, ন্যায়, ধৈর্য, ইমান ও উত্তম চরিত্রের পথে হাঁটতে শেখে। আজকের এই সীরাতুন্নবী (সা.) মাহফিলের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতার চর্চা আরও বিস্তৃত হবে ইনশাআল্লাহ।