মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান: প্রায় ২ কোটি টাকা মূল্যের জাল ধ্বংস, ২৪ কেজি মাছ জব্দ

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মহনায় এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এতে ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতিপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মহনায় এই অভিযান চালানো হয়। এতে ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর ও ১ লক্ষ ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এই ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।’

 

আরো খবর