মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় আমির খসরু

'খালেদা জিয়াকে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে'

top Banner

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এরপরও তিনি কোনো আপোষ করেননি। এটাই বিএনপির রাজনীতি ও আদর্শ। এ কারণেই আজ বাংলাদেশের মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম–১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি। যে কারণে দেশের যেকোনো সংকটময় পরিস্থিতি ও ক্লান্তিলগ্নে বাংলাদেশের মানুষ বারবার বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল হাতে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। শত্রু যখন অদৃশ্য থাকে, তখন আরও বেশি সতর্ক থাকতে হয়। ভোটে জিতলেই চলবে না, আমাদের বিশাল ভোটে জিততে হবে। এই বিশাল বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়। বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা গণতন্ত্রের পক্ষে শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী।

এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর