চট্টগ্রামের মিরসরাইয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাবরীনা লিনা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর, কর্ণফুলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী প্রশিক্ষণে অংগ্রহণকারী মাসুদা আক্তার, শিবু কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেছেন, ‘এই যুগে এসে মেয়েরা ঘরে বসে থাকবে এটা হয় না। একজন মেয়ে এসএসসি পাস করলে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে চাকুরি করতে পারে। তাই মেয়েকে বাল্য বিয়ে না দিয়ে স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান তিনি’। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।