চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটৈ। আহত যুবকের নাম হৃদয় সূত্রধর (২৭)। হৃদয় সূত্রধর জামালপুর গ্রামের অর্জুন সূত্রধরের পুত্র। এবিষয়ে হৃদয় সূত্রধর বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জোরারগঞ্জ থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জামালপুর গ্রামের অর্জুন সূত্রধরের জায়গায় গাছের চারা রোপণ করতে যায় দুলাল সূত্রধরের পুত্র টিটু সূত্রধর। এসময় হৃদয় সূত্রধর ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করে। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে টিটু সূত্রধর, শয়ন সূত্রধর ও প্রিতম সূত্রধর দেশীয় অস্ত্র নিয়ে হৃদয় সূত্রধর ও তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে হৃদয় সূত্রধরের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হৃদয় সূত্রধরের পিতা অর্জুন সূত্রধর বলেন, হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির মানুষ । এরা এলাকার শালিস বিচার মানে না। এর আগেও একাধিকবার আমাদের উপর হামলার চেষ্টা করেছিল।
এবিষয়ে বক্তব্য জানতে টিটু সূত্রধরের নম্বরে কল দিলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক লিটন বলেন, জামালপুরে হামলার ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।