মিরসরাইয়ে চলন্ত শিক্ষার্থীবাহী গাড়িতে মৌমাছির হানা, আহত তিন শিশু

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসার শিক্ষার্থী বহনকারী একটি গাড়িতে হঠাৎ করে মৌমাছির ঝাঁক আক্রমণ চালিয়েছে। এতে তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে মোহাম্মদ মারুফ (১০), মোহাম্মদ হানিফের ছেলে আবু ওমর (৮) ও আসিফ খানের ছেলে আনাস খান (৬)। তিনজন মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, প্রতিদিনের মতো সকালে গাড়িটি বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের তুলে মাদ্রাসার দিকে যাচ্ছিল। দক্ষিণ সোনাপাহাড় এলাকায় পৌঁছানোর পর আকস্মিকভাবে একটি বৃহৎ মৌমাছির দল গাড়ির ভেতরে ঢুকে পড়ে।  এতে তিনজন শিক্ষার্থী মৌমাছির কমোড খেয়ে আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাদ্রাসার শিক্ষক আব্দুর রব বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই চালক আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষ করে আমরা সবাইকে বাড়ি পৌঁছে দিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আর্যরাজ দত্ত জানান, ‘আহত তিন শিশুকে সকালেই আনা হয়। মৌমাছির কামড়ে দগদগে ব্যথা ছিল, তবে প্রাথমিক চিকিৎসার পর তারা এখন নিরাপদ।’

আরো খবর