চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় একরাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ইমামপুর গ্রামের ছদরমাদিঘী এলাকার মা এগ্রো খামার থেকে গরুগুলো চুরি হয়। এ ঘটনায় খামারের কর্মচারি দিদারুল ইসলাম সাইফুল বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দিদারুল ইসলাম সাইফুল জানান, আমি পান দোকান করি। পাশাপাশি আমাদের একই এলাকার প্রবাসী রাসেল বিন আলী নেওয়াজ ভাইয়ের খামারের গরুগুলো পরিচর্চা ও দেখাশুনা করে থাকি। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যাই। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজের জন্য উঠে দেখি খামারের দরজার তালা ভাঙ্গা। ভেতর থেকে ৫টি গরু উধাও হয়ে যায়। সাথে সাথে পাশ^বর্তি আবুল হাশেম ভাইকে ডাক দিয়ে ঘুম থেকে উঠানোর পর উনার গোয়াল ঘরে থাকা ২টি গরুও নেই।
খামার মালিক রাসেল বিন আলী নেওয়াজ বলেন, তিলে তিলে গড়ে তোলা গরুর খামার থেকে গতরাতে ৫টি গরু, সাথে চাচাতো ভাইয়ের ২টিসহ মোট ৭টি গরু নিয়ে গেছে চোর। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, আমরা রাতে সড়কে ডিউটি করতেছি এই সুযোগে গরুগুলো চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। গরু চোর চক্রটি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।