মিরসরাইয়ে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ ও সাবেক এমপি রুহেল সহ ২৯ জনের নামে যুবদল নেতার মামলা গ্রেপ্তার ২
মিরসরাইয়ে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ সহ ২৯ জনের নামে যুবদল নেতার মামলা গ্রেপ্তার ২ মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। । রবিবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আসামি জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার সকালে তাদের আদালতের মাধ্যম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ সন্তান ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ রেজাউল করিম খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮/১০ জন তার উপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালে পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। এঘটনায় ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে ২৯জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলাটি (নং-১৩) দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামী করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।