মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ছোট কমলদহ আল আমিন কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দি সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা রিজা।
ইউনিয়ন মহিলা দলের আহবায়ক খুরশিদা বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাহেলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ূন, নজরুল ইসলাম, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ এবং যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন ইউনিটের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নারী নেত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।