ঈদ উপলক্ষে টিম পূর্ব রহমতাবাদের উদ্যোগে মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকায় স্থানীয় বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিবাহিত দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় অবিবাহিত দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এএসএম সাহাব উদ্দিন।
এ আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সরফুউদ্দিন, আলাউদ্দিন শামীম, আরিফ হোসেন, শেখ ফরিদ, ইব্রাহিম জিতু, সাজ্জাদ হোসেন সাকিব, সৌরভ হোসেন ও আবু সায়েদ।

প্রধান অতিথির বক্তব্যে ‘বাংলাদেশ ব্যাংকের পরিচালক এএসএম সাহাব উদ্দিন বলেন, ‘ঈদকে ঘিরে এমন ক্রীড়ামূলক আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সার্বিক সহযোগিতায় থাকা সরফুউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে এমন একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে বলে তিনি জানান।