মায়ানীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধের নাম ফজলুল করিম (৭০)। তিনি উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের পুত্র। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন রাতে চট্টগ্রাম শহর থেকে জাকারিয়া জাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। জাহেদ মায়ানী ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছে।
নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, ‘আমার বড় ভাই ফজলুল করিমের একটি হাঁস গত রবিবার আমাদের বাড়ীর ফয়েজ উল্ল্যাহ ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন। গতকাল (সোমবার) বিকেলে আমার ভাবী (ফজলুল করিমের স্ত্রী) ফয়েজ উল্ল্যাহর ঘর থেকে হাঁসটি নিয়ে আসেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার সময় ফজলুল করিমের সঙ্গে ফয়েজ উল্ল্যাহর ছেলে জাকারিয়া জাহেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া জাহেদ ফজলুল করিমের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। তখন তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরো বলেন, ‘আমার ভাইকে হত্যা করেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফারজানা ইসলাম বলেন, ‘ফজলুল করিম নামের এক ব্যক্তিকে দুপুর সাড়ে ১২ টার সময় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল করিম নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে ঘটনার ১২ ঘন্টার মধ্যে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

আরো খবর