। চলমান রিপোর্ট ।
মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
কামাল উদ্দিন আহমেদ ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক মহলের পাশাপাশি সাধারণ মানুষও তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের স্থানীয় নেতারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেম্বাররা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, বিজিএমইএ সহায়ক কমিটির সদস্য ও ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডেভোকেট মো. নুরুল করিম এরফান, সদস্য সচিব আলা উদ্দিন প্রমুখ।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, কামাল উদ্দিন আহমেদ মিরসরাইয়ে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘ তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময়ে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন এসেছিল বলে এলাকাবাসী মনে করেন। তাঁর মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে।