ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিরসরাইয়ের বামন সুন্দর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা ।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে বামন সুন্দর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আততাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা রসুল আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা একরামুল হক,বামন সুন্দর জামে মসজিদের খতিব হাফেজ রিদওয়ান বিন মনছুর,বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ফরহাদ।
বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তারা।
এসময় তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের অনুরোধ জানান।