টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

top Banner

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজও শুরু করল লজ্জার হার দিয়ে। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৬৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।

২১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়েন টাইগাররা ব্যাটসম্যানরা। উইকেটে আসা-যাওয়ার মিছিলে মাত্র ৫৯ রানেই ৬ উইকেট হারায় মাহমুদউল্লাহ বাহিনী।

দলীয় ২০ রানে ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর মোহাম্মদ নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে গেছেন ২৭ রান করে। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও থিতু হতে পারেননি উইকেটে। টপ অর্ডারের ব্যর্থতায় মহাবিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

পরাজয় নিশ্চিত। তবে ব্যবধান কমানোটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় টাইগারদের কাছে। হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুজনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। আফিফ ৩৩ বলে ৪৫ রান করে আউট হলেও সাইফউদ্দিন ৩৪ রানে থাকেন অপরাজিত।

নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি নিয়েছেন চার উইকেট। এ ছাড়া ফার্গুসেন নেন দুই উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কিউইরা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়েছেন ডেভন কনওয়ে। সেঞ্চুরি করতে না পারলেও খেলেছেন অপরাজিত ৯২ রানের ইনিংস। ৫২ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা দিয়ে এই ইনিংস সাজান তিনি।

ঝড়ো ইনিংস খেলেছেন উইল ইয়ংও। মাত্র ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৫৩ রান আসে তার ব্যাট থেকে। এ ছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

আরো খবর