টিনশেড ঘরের আড়ালে বিপিসির তেল চুরি, আটক -১

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদির ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে তেল সঞ্চালন লাইনে এ ঘটনা ঘটে।

মহাসড়কের পাশের একটি ডোবায় ভাসমান তেল দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গত কয়েক মাস আগে হাদির ফকিরহাট বাজার এলাকায় বিপিসির তেল সঞ্চালন লাইনের ওপর নুরুল আবছার নামের এক ব্যাক্তি একটি টিনশেড ঘর নির্মাণ করে খুলনা সিটি করপোরেশনের সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর আমিরুল একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ঘরের প্রায় ১২ ফুট নিচ দিয়ে যাওয়া বিপিসির পাইপলাইনে কৌশলে ছিদ্র করে তেল উত্তোলনের চেষ্টা চালায়।

একপর্যায়ে পাইপলাইনে ছিদ্র করার ফলে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পাইপলাইন থেকে বের হওয়া তেল পাশের একটি ডোবায় জমা হলে স্থানীয় কিছু মানুষ তা সংগ্রহ করতে ভিড় জমায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বলয় গড়ে তোলে।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন,“মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহ পাইপলাইনে ফুটো করে একটি চক্র তেল চুরির চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিপিসির কর্মকর্তারা পাইপলাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা জানান, পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল অপচয় বা চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। বিপিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক মো. আবছারের স্ত্রী নুরজাহান বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।”

আরো খবর