ঝুলনপোল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে বিএনপির দুই নেতার উপর হামলা

top Banner

। চলমান রিপোর্ট ।
পূর্বশত্রুতার জের ধরে মিরসরাইয়ে বিএনপির দুই নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল এলাকার বায়তুশ শরফ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। হামলায় ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহফুজুল আলম এবং ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল ইসলাম আহত হয়েছেন। মাহফুজুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার (২৬ অক্টোবর) মাহফুজুল আলমের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান বলেন, শুক্রবার রাতে ঝুলনপোল এলাকায় ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহফুজুল আলম এবং ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল ইসলামের উপর পূর্বশত্রুতা ও রাজনৈতিক দ্বন্ধের কারণে স্থানীয় বাদশাহ, পিংকু, রিপন সহ ৭-৮ জনের একটি গ্রুপ হামলা করে। এসময় মাহফুজুল আলমের ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাহফুজুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, হামলায় আহত মাহফুজুল আলমের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শনিবার বিকেলে বিএনপি নেতা আহত মাহফুজুল আলমকে দেখতে চমেক হাসপাতাল যান উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. আলাউদ্দিন সহ নেতাকর্মীরা।

আরো খবর