মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোররাতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আশাদুল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামীকে আটক করা হয়। তারা হলেন—যৌতুক নিরোধ আইনের একটি মামলার আসামী মোঃ আবুল কালাম, প্রতারণা ও আত্মসাতের অভিযোগের মামলায় মোঃ আবু তাহের এবং শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মোঃ জাহিদুল ইসলাম ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।