মিরসরাইয়ে চোর ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুহাম্মদ শেফা নামে এক ব্যবসায়ী। তার বোনের বাসায় চুরি করতে যাওয়া এক অপরিচিত লোকের চেহারা সিসি ফুটেজে দেখা গেছে। কেউ ওই লোককে সনাক্ত করে দিতে পারলে সনাক্তকারীর পরিচয় গোপন রেখে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
চুরির ঘটনায় বাসার মালিক ফারজানা আক্তার বাদি হয়ে জোরারগঞ্জ থানায় বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ নভেম্বর দিন দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার টেক্সটাইলের দক্ষিণ পাশে সাহানারা মান্নান টাওয়ার ভবনের ৪র্থ তলায় প্রবাসী হুমায়ুন কবিরের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
বাসায় কেউ না থাকায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। ব্যবসায়ী মুহাম্মদ শেফা বলেন, আমার বোন গ্রামের বাড়িতে ছিল। ভাগিনাও কলেজে থাকায় বাসা তালাবদ্ধ থাকে। ২৩ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় বাসার দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার সহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে ওই সময় বাসায় আসা একটি অপরিচিত লোককে দেখা গেছে। ওই লোকের পরিচয় কেউ দিতে পারলে তাকে নগদ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। সন্ধান দাতার পরিচয় গোপন রাখা হবে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাবিব বলেন, জোরারগঞ্জে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।