চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। এ সময় সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ (আসম আবদুর রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফের মনোনয়নপত্র।
অপরদিকে দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য যাচাইয়ে অসত্য প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। একইসঙ্গে তথ্য ও নথিগত ত্রুটির কারণে জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই প্রসঙ্গে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, যাচাই শেষে মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী চার কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।