চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাব আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। রোববার সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ। কচিকাঁচাদের হাসি-আনন্দে দিনটি পরিণত হয় এক রঙিন উৎসবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিশুরা নতুন বন্ধু পায়, পরিচিত হয় শ্রেণিশিক্ষক ও বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল তাদের হাসি-খুশির আওয়াজ ও প্রাণচাঞ্চল্য।
আবুতোরাব আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শিক্ষাজীবনের এই ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে বড় সাফল্যের পথে এগিয়ে নেবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাবর্ষে অভিভাবকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সোনামণিদের শৈশবকে আনন্দময় ও শিক্ষণীয় করে তুলতে চাই।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন ও পুরনো সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ। দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও নিরাপদ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।